সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অগোচরে হারিয়ে যাচ্ছে জলজ বন্য প্রাণী ড. বিভূতি ভূষণ মিত্র

 



অগোচরে হারিয়ে যাচ্ছে জলজ বন্য প্রাণী

ড. বিভূতি ভূষণ মিত্র 

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫

ড. বিভূতি ভূষণ মিত্র জলজ প্রাণী বলতে সেসব প্রাণীকেই বোঝায় যারা মেরুদণ্ডী বা অমেরুদণ্ডী, জীবনচক্রের সমস্ত বা বেশির ভাগ সময় জলে কাটায়। জলজ প্রাণীরা সাধারণত ফুলকা বা ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়। মোট প্রাণী প্রজাতির ৪০ ভাগের আশ্রয়স্থল জলাভূমি। প্রতিনিয়ত এসব জায়গা থেকে নতুন নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে। বাংলাদেশের বিশাল বড় একটা প্রাণী প্রজাতি জলাশয়ের ওপর নির্ভরশীল।

প্রায় ৬৪ প্রজাতির উভচর তো বটেই, ৮৩ প্রজাতির সৈকত পাখি, ৩০ প্রজাতির বুনোহাঁস, ৮ প্রজাতির শামুকখোল, ১৮ প্রজাতির বগলাসহ অসংখ্য প্রজাতি জলাভূমির ওপর নির্ভর করে বেঁচে আছে। এ ছাড়া প্রতিবছর শীতের সময় বিপুলসংখ্যক পরিযায়ী পাখি বাংলাদেশে আসে, যাদের আবাসস্থল ও খাবার দুটোই জলাভূমিকে কেন্দ্র করে।

বাংলাদেশের বন্য প্রাণী আইন অনুযায়ী জলাভূমি বলতে বোঝায় স্যাঁতসেঁতে জলনিমগ্ন ভূমি, যার পানি মিঠা বা নোনা হতে পারে, তা প্রাকৃতিক বা কৃত্রিম হতে পারে এবং স্রোতহীন বা ৬ মিটার গভীর হতে পারে। রামসার কনভেনশন অনুযায়ী জলাভূমি বলতে প্রাকৃতিক বা মানবসৃষ্ট, স্থায়ী বা অস্থায়ী, স্থির বা প্রবহমান পানিরাশিবিশিষ্ট স্বাদু, লবণাক্ত বা মিশ্র পানির এলাকা বোঝায়। ভূমি মন্ত্রণালয়ের এক জরিপ অনুযায়ী বাংলাদেশের জলাভূমি গত ৫০ বছরে ৭০ ভাগ কমে গেছে। ১৯৭১ সালে জলাভূমির পরিমাণ ছিল ৯৩ লাখ হেক্টর, তা কমে এখন হয়েছে ২৮ লাখ হেক্টরে। অর্থাৎ ৬৫ লাখ হেক্টর জলাভূমি কমেছে।

বিশ্বের দিকে তাকালেও এমন চিত্র চোখে পড়বে। বিশ্বের মোট জলাভূমির প্রায় ৯০ শতাংশ বিলুপ্ত হয়েছে। বাকি জলাশয়গুলোও হুমকির মুখে রয়েছে। নদী কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট নদ-নদীর সংখ্যা ১ হাজার ৮টি। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী প্রবহমান নদীর সংখ্যা ৯৩১টি। ৩০৮টি নদী নাব্যতা হারিয়েছে।

৩০৮টি নদীর মধ্যে ঢাকা বিভাগে নাব্যতা হারানো নদীর সংখ্যা ৮৫টি, রংপুরে ৭১টি, রাজশাহীতে ১৮টি, চট্টগ্রামে ১১টি, সিলেটে ১০টি ও ময়মনসিংহে ২৬টি এবং খুলনা বিভাগে ৮৭টি। বাংলাদেশের নদীগুলোর ৪৮টি সীমান্ত নদী, ১৫৭টি বারোমাসি নদী, ২৪৮টি মৌসুমি নদী।উত্তরাঞ্চলের নদীগুলো অনেকটাই শুকিয়ে গেছে। আর দক্ষিণাঞ্চলের নদীগুলোর লবণাক্ততা বেড়ে যাচ্ছে। এর ফলে নদীগুলো স্রোতহীন হয়ে পড়েছে। পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। জলজ জীববৈচিত্র্য এখন মারাত্মক হুমকির মধ্যে।

২০২২ সালে আরডিআরসির দেওয়া তথ্য মতে, বুড়িগঙ্গা নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ গড়ে লিটারপ্রতি ২ মিলিগ্রামের নিচে। এর অর্থ হচ্ছে, পানিতে মাছসহ অন্যান্য জলজ প্রাণী বাঁচার জন্য দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ থাকতে হয় লিটারপ্রতি ৪ মিলিগ্রাম। বুড়িগঙ্গা নদীর জলজ প্রাণীর অবস্থা বুঝতে বোধকরি আর কোনো তথ্যের প্রয়োজন নেই।

তারা মোট ৫৬টি নদী নিয়ে গবেষণা করেছিল। ৫৬টি নদীর মধ্যে ঢাকা বিভাগের ১৯টি নদীর অবস্থা খুবই ভয়াবহ দেখা গেছে। ঢাকা বিভাগের ১৯টি নদীই মারাত্মক দূষণের সম্মুখীন। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের (পরিজা) তথ্য মতে, বুড়িগঙ্গা নদীর পানি প্রায় অক্সিজেনশূন্য। লিটারে তারা অক্সিজেনের মাত্রা পেয়েছে মাত্র ০.৬ মিলিগ্রাম।

শুধু নদী নয়, বঙ্গোপসাগরও দূষণের কবলে। কুয়াকাটা পটনকেন্দ্রের কাছাকাছি বঙ্গোপসাগরে জলজ স্তন্যপ্রাণী মরে ভেসে ওঠে। ২০২০ সালে সৈকতের ১৮ কিলোমিটার এলাকাজুড়ে পাঁচ-ছয়টি তিমি ও শুশুক মরে পড়ে থাকে। পটকাসহ বিভিন্ন মাছও মরে পচে থাকতে দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, বিদেশি জাহাজের পোড়া মোবিল সাগর দূষিত করছে। এসব মোবিল বা তেল পানিতে মিশে সাগরের পানি দূষিত করছে। এতে সাগরের জলজ জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ে। ভেঙে পড়ে সাগরের জলজ বাস্তুতন্ত্র।

বাংলাদেশে বিভিন্ন কারণে জলাশয় হারিয়ে যাচ্ছে। এর মধ্যে অন্যতম কারণগুলো হলো: শিল্পপ্রতিষ্ঠান স্থাপন, নদী-জলাশয়-লেক-জলাভূমিতে বসতবাড়ি নির্মাণ, জলাশয়ে পয়ঃপ্রণালি স্থাপন, বিভিন্ন তরল ও কঠিন বর্জ্য নির্গমন, বালু-পাথর আহরণ ইত্যাদি। এ ছাড়া ঝিনুক, কোরাল, মাছ, কচ্ছপ প্রভৃতি ধরা-মারাও জলাশয়ের ওপর মারাত্মক প্রভাব সৃষ্টি করছে। এসব জলজ প্রাণী বাঁচাতে আমাদের এখন থেকেই সচেতন হতে হবে। জলাশয় ভরাট বন্ধ করতে হবে। করতে হবে দূষণমুক্ত।

লেখক: শিক্ষক ও গবেষক 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইন অমান্যের পরও নেই প্রতিবিধান ড. বিভূতি ভূষণ মিত্র

  আইন অমান্যের পরও নেই প্রতিবিধান ড. বিভূতি ভূষণ মিত্র প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ১০:৫১ এএম  ড. বিভূতি ভূষণ মিত্র বন্য প্রাণী পাচার বলতে সংরক্ষিত উদ্ভিদ প্রাণী প্রজাতির অবৈধ ব্যবসা বোঝায়। এ অবৈধ ব্যবসা অনেক কিছু নিয়েই হতে পারে। এটা খাবার, চামড়া, কাঠ পাচারও হতে পারে। অনেক বন্য প্রাণী পাচার হয় যা হয়তো বিপদসংকুল প্রজাতি নয়। কিন্তু বন্য প্রাণী পাচারের কারণেই অনেক এলাকা এখন বিপদসংকুল। অপ্রতুল জীববৈচিত্র্য আর বন্য প্রাণী পাচারের কারণে লাতিন আমেরিকা এখন বিপদসংকুল। ব্রাজিলের একটি সংস্থার মতে, প্রতি বছর ১২ মিলিয়ন বন্য প্রাণী পাচার হয় সে দেশে। পৃথিবীর অধিকাংশ বন হারিয়ে গেছে কাঠের জন্য কৃষিবন করে। এ ছাড়া প্রতি বছর যুক্তরাষ্ট্রে ৫১ থেকে ১৫২ বিলিয়ন ডলার অবৈধ কাঠ ব্যবসায়ীদের কারণে ধ্বংস হচ্ছে। অবৈধ কাঠ ব্যবসায়ীদের কবলে পড়ে অনেক দেশের বন হারিয়ে যেতে বসেছে। গত ২৫ বছরে ঘানায় ৮০ ভাগ প্রাকৃতিক বন ধ্বংস হয়ে গেছে। ২০১১ সালের তুলনায় কম্বোডিয়ায় প্রায় ৬৪ ভাগ বন নেই হয়ে গেছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পৃথিবীতে ৬০ ভাগের বেশি বন্য প্রাণী বিলুপ্ত হয়ে গেছে অবৈধ বন্য প্রাণী ব্যবসার কারণে। প্রতি বছর ১০...

প্রয়োজন পরিকল্পিত সামাজিক বনায়ন ড. বিভূতি ভূষণ মিত্র

  প্রয়োজন পরিকল্পিত সামাজিক বনায়ন ড. বিভূতি ভূষণ মিত্র  আপডেট : ০১ জুন ২০২৪, ০৭:৪১ এএম|প্রিন্ট সংস্করণ সারা বিশ্বেই বনের আশপাশের স্থানীয় জনগণ বনকে যেমন ব্যবহার করে, তেমনি রক্ষণাবেক্ষণও করে। দক্ষিণপূর্ব এশিয়ায় প্রায় ১৪০ মিলিয়ন মানুষ বনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। সামাজিক বনায়ন একটি বিকল্প বন ব্যবস্থাপনা। সামাজিক বনায়নের মাধ্যমে স্থানীয় জনগণ বনে বাস করে এবং একই সঙ্গে বনকে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করে। এর মাধ্যমে তাদের অধিকার ও স্থানীয় জ্ঞানকে কাজে লাগিয়ে বন রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হয়। সামাজিক বনায়নের মাধ্যমে দারিদ্র্য যেমন দূর করা হয়, তেমনি স্থানীয় অধিবাসীদের ক্ষমতায়ন ও উন্নয়ন করা হয়। এটি খুব সহজেই কম খরচের মাধ্যমে করা যায়। বাংলাদেশ বন ব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে দেশটিতে ২.১৬ মিলিয়ন বন রয়েছে, যা প্রায় ১৪ শতাংশ। অনেকের তথ্যমতে, অনেক জেলায় বনের তথ্য নেই। ১৯৬০ থেকে ১৯৮০ সালে বন হ্রাসের হার ছিল ২.১ শতাংশ, ১৯৯০ থেকে ২০১০ সালে এটি কমে হয়েছে ০.২ শতাংশ। তারপরও বন হ্রাসের বৈশ্বিক হার (০.১ শতাংশ) থেকে বেশি। বন হারিয়ে যাওয়ার মূল কারণ জনসংখ্যা বৃদ্ধি, দা...

পরিবেশ সেন্টমার্টিন রক্ষায় বিকল্প কর্মসংস্থান ড. বিভূতি ভূষণ মিত্র

  পরিবেশ সেন্টমার্টিন রক্ষায় বিকল্প কর্মসংস্থান ড. বিভূতি ভূষণ মিত্র প্রকাশ : ০৯ মে ২০২৫ ১৬:১২ পিএম ড. বিভূতি ভূষণ মিত্র বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপের নাম সেন্টমার্টিন। এটি নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত। কক্সবাজার শহর থেকে ১২০ কিলোমিটার দূরে এর অবস্থিত। দ্বীপটিতে প্রায় ১০ হাজার মানুষ বসবাস করে। এখানে রয়েছে ১ হাজারের মতো ঘর। ধারণা করা হয়, ৩০০ বছর আগে থেকে এখানে মানুষ বসবাস করছে। বসবাসরত অধিকাংশ মানুষের পেশা মাছ ধরা। এরা কোরাল সংগ্রহও করে। এখানে বিভিন্ন প্রজাতির মাছ, শামুক, কাঁকড়া, পাখি, সরীসৃপ ও স্তন্যপায়ী বসবাস করে। জানা গেছে, সেন্টমার্টিনে ২৩৪ প্রজাতির মাছ, ৬৬ প্রজাতির কোরাল, ১৮৭ প্রজাতির শামুক জাতীয় প্রাণী, ৭ প্রজাতির কাঁকড়া, ১২০ প্রজাতির পাখি, ২৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ২৯ প্রজাতির সরীসৃপ, ১৪ প্রজাতির শৈবাল রয়েছে। বিশ্বের অন্যান্য দ্বীপের জীববৈচিত্র্যের তুলনায় এটি নানান কারণে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। এজন্য এর আলাদা বৈজ্ঞানিক মূল্যও অনেক বেশি। ২০২২ সালে সরকার এজন্য একে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে। কিন্তু বিভিন্ন কারণে দ্বীপটির জীববৈচিত্র্য আজ হুমকির সম্মুখীন। ২০...